কি বনাম কী / ড. মোহাম্মদ আমীন

১. ‘কি’ প্রশ্নবোধক অব্যয়। যে সকল প্রশ্নের ‍উত্তর ‘হ্যাঁ’ বা ‘না’ শব্দের মাধ্যমেও কিংবা কেবল অঙ্গভঙ্গির মাধ্যমেও সন্তোষজনকভাবে দেওয়া যায় সে সকল প্রশ্নবোধক বাক্যে ‘কি’ লিখবেন। যেমন : আমি কি খাবো? (Shall I eat?),  আমি কি আসতে পারি স্যার? টাকা আছে কি? তুমি কি জানো? (Do you know?)
২. যে সকল প্রশ্নের উত্তর ‘হ্যাঁ‘ বা ‘না‘ দিয়ে কিংবা অঙ্গভঙ্গির মাধ্যমে সন্তোষজনকভাবে  দেওয়া সম্ভব নয় সে সকল প্রশ্নবোধক বাক্যে ‘কী’ লিখবেন। যেমন :  আমি কী খাবো? (What will I eat?), তুমি কী চাও? (What do you want?), কী করে এতদূর এলে? তোমার বাবা কী করেন? তুমি কী জানো? (What do you know?) 
৩. ‘কী’ বিস্ময়সূচক পদ। তবে বিস্ময় ছাড়াও অনিশ্চয়তা, অবজ্ঞা, সম্মান গৌরব, প্রশংসা প্রভৃতি প্রকাশেও ‘কী’ ব্যবহার করা হয়। যেমন -  বিস্ময় : কী দারুণ! অনিশ্চয়তা : কী জানি কী হয় না হয়। অবজ্ঞা : সে আবার কীসের গরিব? প্রশংসা :  কী ধনী তিনি জানো? ছেলেটি যে কী সাহসী জানলে তুমি হতবাক হয়ে যাবে। 
৪.  কোনভাবে, কেন, কী কারণে, কার মধ্যে, কেমন করে, কী প্রকারের, কেমন প্রভৃতি বুঝালে প্রশ্নজ্ঞাপক মূল বাক্যটির আগে ‘কী’ লিখতে হয়। যেমন : কীভাবে যাবে? কীজন্য এসেছ? কীরকম লোক তুমি?  কীসে তোমার আগ্রহ? এত তাড়া কীসের? কীরূপ দেখতে সে?  কী উপায়ে তোমাকে সাহায্য করতে পারি? 
উল্লেখ্য, ‘কিভাবে’ বানানটি ভুল। কারণ  এই শব্দযুক্ত প্রশ্নসূচক বাক্যের উত্তর ‘হ্যাঁ’ বা ‘না’ শব্দে কিংবা অঙ্গভঙ্গিতে দেওয়া যায় না। তাই লিখবেন ‘কীভাবে’। ‘কিভাবে’ লিখবেন না। তেমনি লিখবেন, কীজন্য, কীদৃশ্য, কীসে, কীসের, কীরূপ প্রভৃতি।
বিশেষ দ্রষ্টব্য : বানানগুলো বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান, প্রথম প্রকাশ ১ লা ফেব্রুয়ারি ২০১৬ খ্রিষ্টাব্দ থেকে নেওয়া হয়েছে।

Comments

Popular posts from this blog

উপলক্ষ ও উপলক্ষ্য

ঘোড়ায় চড়িয়া মর্দ হাঁটিয়া চলিল / ড. মোহাম্মদ আমীন

পার ও পাড় / ড. মোহাম্মদ আমীন